অপরাধ সময় ঃ – ঢাকা, ১৬ ডিসেম্বর:
রাজধানীর খিলগাঁও তিলপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অপরাধীদের তৎপরতায় তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক অভিযানের ফলে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হয়েছে বলে জানান তারা।
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামপুরা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে গঠিত তিনটি সেনা প্যাট্রোল দল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে খিলগাঁও তিলপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। সেনা সূত্র জানায়, অভিযানের সময় একটি নির্মাণাধীন ভবনে কয়েকজন দুষ্কৃতকারী গোপন বৈঠকে লিপ্ত ছিল। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
পরে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে একটি ফাইভ-স্টার পিস্তল, একটি পিস্তল ম্যাগাজিন, তিনটি জীবিত শটগান কার্তুজ এবং ছয়টি ব্যবহৃত শটগান কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়ার জন্য খিলগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রামপুরা আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর সাদমান মনসুরের নেতৃত্বে পরিচালিত অভিযানে সেনাবাহিনী পেশাদারিত্ব ও দৃঢ়তার পরিচয় দিচ্ছে। রামপুরা, খিলগাঁও ও হাতিরঝিল থানার আওতাধীন এলাকায় তার তত্ত্বাবধানে পরিচালিত একাধিক অভিযানের ফলে সন্ত্রাসী ও অপরাধীদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে দাবি তাদের।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আগে সন্ধ্যার পর বের হতে ভয় লাগত। এখন নিয়মিত টহল ও দ্রুত অভিযানের কারণে আমরা অনেকটাই নিরাপদ বোধ করছি।” এলাকাবাসীর মতে, মাঠপর্যায়ে সক্রিয় নেতৃত্ব ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার অনুভূতি তৈরি হয়েছে।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পালিয়ে যাওয়া দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।