গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ মোহাম্মদ আলী বাবু
বরিশালের গৌরনদী উপজেলার টিএনটি মোড় এলাকায় সড়ক নির্মাণকাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে কাজ ফেলে রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকরা।
সরেজমিনে দেখা যায়, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু নির্মাণকাজ শুরুর পর রাস্তার ওপর বালু ফেলে রেখে কাজ বন্ধ করে দেওয়ায় প্রতিনিয়ত দুর্ভোগ বাড়ছে। বালুর স্তূপের কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষকে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, কয়েক সপ্তাহ আগে সড়ক সংস্কারের কাজ শুরু হলেও অল্প কিছু কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান বালু ফেলে রেখে চলে যায়। এরপর থেকে কার্যত কাজের কোনো অগ্রগতি নেই। এতে আশপাশের দোকানপাট ও বসতবাড়ির লোকজন ধুলাবালির কারণে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।
এলাকাবাসী জানান, সন্ধ্যার পর বালুর কারণে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। ইতোমধ্যে কয়েকটি ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে তারা দাবি করেন। দ্রুত সড়ক নির্মাণকাজ সম্পন্ন করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের পর কাজ পুনরায় শুরু হতে পারে বলে মৌখিকভাবে জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো নিশ্চয়তা নেই। কাজের মান ও নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। তাদের আশা, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে সড়ক নির্মাণকাজ সম্পন্ন করা হলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং স্বাভাবিক যান চলাচল।