অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর দাবি, জনগণের ভোটের বাইরে গিয়ে ক্ষমতা দখলের কোনো সুযোগ এবার আর থাকবে না।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। বক্তব্যে তিনি বলেন, “অতীতের কাসুন্দি রাজনীতি জনগণ আর পছন্দ করে না। ৫৪ বছরের বস্তাপঁচা রাজনীতির সমাপ্তি চায় বর্তমান যুব সমাজ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনে যে-ই জিতুক, আমরা তাকে বরণ করে নেবো। কিন্তু চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না।”
ডা. শফিকুর রহমান বলেন, জনগণ যদি ভালোবেসে জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় আনে, তাহলে দেশের সর্বস্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠাই হবে তাদের প্রধান লক্ষ্য। তাঁর ভাষায়, “আমরা সব শক্তি দিয়ে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো।”
উন্নয়ন ভাবনা তুলে ধরে জামায়াত আমির জানান, নদী সংস্কারের মাধ্যমেই দেশ সংস্কারের কাজ শুরু করা হবে। তিনি বলেন, কিশোরগঞ্জে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। অতীতে যে জেলাগুলো বেশি উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে, ক্ষমতায় গেলে সেসব জেলায় অগ্রাধিকারভিত্তিতে উন্নয়ন করা হবে।
এ সময় ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন এলাকায় নারীদের ওপর সহিংসতার প্রতিবাদে তিনি সোচ্চার হওয়ায় একটি গোষ্ঠী তাঁর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তিনি বলেন, “আমরা প্রশাসনের কাছে কোনো আনুকূল্য চাই না। তবে আমাদের অধিকার ক্ষুণ্ণ করার অপচেষ্টা হলে কঠিন জবাব দেওয়া হবে।”
জনসভায় তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়।