ডিবি পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

স্টাফ রিপোর্টার সজীব মিয়া
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডিবি পুলিশের পরিচয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী রিয়াদ কবিরের বাড়িতে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে প্রবেশ করে। তারা বাড়িতে মাদক রয়েছে বলে দাবি করে বিভিন্ন কক্ষে তল্লাশির নামে আসবাবপত্র ভাঙচুর চালায়।
ভুক্তভোগী রিয়াদ কবির জানান, অভিযুক্তরা তল্লাশির এক পর্যায়ে ঘরে থাকা প্রায় চার লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। ঘটনার পর বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী পরিচয়ের একটি পরিচয়পত্র পাওয়া যায়। পরিচয়পত্রটিতে অজয় কুমার জয় নাম উল্লেখ ছিল বলে তিনি জানান।
এদিকে পরিচয়পত্রটি ফেরত দেওয়ার জন্য শরীফ হোসেন নামের এক ব্যক্তি, যিনি নিজেকে সিপাহী পরিচয় দেন, মোবাইল ফোনে যোগাযোগ করে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন বলেও অভিযোগ করেন রিয়াদ কবির।
ঘটনার পর মঙ্গলবার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *