নিজস্ব প্রতিবেদক:
সংস্থাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কাজ অপরাধের গভীর রহস্য উদঘাটন করা, যার অন্যতম শাখা ‘ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট’। আর সেই ইউনিটেই মাত্র তিন বছর কর্মরত থেকে যেন আলাদিনের চেরাগ হাতে পেয়েছেন উপপরিদর্শক (এসআই) মোঃ মনিরুজ্জামান। অপরাধ তদন্তের নামে অর্থ উপার্জনের মাধ্যমে অল্প সময়েই তিনি বনে গেছেন অঢেল বিপুল অর্থ-সম্পদের মালিক—এমনটাই উঠে এসেছে সিআইডির ভেতরের ও বাইরের বিভিন্ন অনুসন্ধানী তথ্যে।
অভিযোগ রয়েছে, ঢাকা শহরের একাধিক অভিজাত এলাকায় দামি ফ্ল্যাট, ঢাকা ও এর আশপাশের বিভিন্ন স্থানে নামে-বেনামে একাধিক প্লট, রিয়েল এস্টেট কোম্পানিতে ল্যান্ডশেয়ার ও ফ্ল্যাট কিনেছেন সিআইডির এই প্রভাবশালী কর্মকর্তা।
অনুসন্ধানে জানা যায়, এসআই মোঃ মনিরুজ্জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং বিতর্কিত এক জাবি ছাত্রলীগ নেতার ঘনিষ্ঠ হিসেবে ক্যাম্পাসে পরিচিত ছিলেন। সেখান থেকে পাস করার পর বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এক সংসদ সদস্যের আশীর্বাদে ২০১২ সালে বাংলাদেশ পুলিশের এসআই পদে নিয়োগ পান তিনি।
পরবর্তীতে সাবেক বিতর্কিত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে তিনি সিআইডির অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে’ যোগদান করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযোগ রয়েছে, ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে যোগ দেওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ মামলা ও তদন্তের দায়িত্ব পেতেন এসআই মনিরুজ্জামান। সেই সুযোগ কাজে লাগিয়ে বিবাদী পক্ষগুলোকে মামলা থেকে অব্যাহতি দেওয়া বা অভিযোগ লঘু করার ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্য পরিচালনা করেন তিনি।
এ ছাড়া বিগত ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন দমনকালে ডিএমপির বিতর্কিত কর্মকর্তাদের নির্দেশে তিনি মাঠে সক্রিয় ভূমিকা রেখেছিলেন বলেও একাধিক অভিযোগ রয়েছে। তবে ৫ আগস্ট সরকার পতনের পর ডিএমপিসহ পুলিশের বিভিন্ন স্তরে ব্যাপক রদবদল করা হলেও, বিশেষ ক্ষমতার জোরে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের মতো সংবেদনশীল বিভাগে স্বপদে বহাল থেকে যান এই কর্মকর্তা।
৩(উল্লেখ্য, এসব দুর্নীতির অভিযোগ এবং অর্জিত সম্পদের বিষয়ে জানতে এসআই মোঃ মনিরুজ্জামানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে যুক্ত করা হবে।নিউজটিন দৈনিক নববানী থেকে নেওয়া হয়েছে