নিজস্ব প্রতিবেদক:-
রাজধানীর খিলগাঁও থানা এলাকাকে মাদক, সন্ত্রাস ও জুয়া মুক্ত করার লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. বিল্লাল হোসেনের সার্বিক উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪ নম্বর ওয়ার্ডে “মাদক, সন্ত্রাস ও জুয়া নির্মূল প্রতিরোধ কমিটি” গঠন করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা মো. বিল্লাল হোসেন বলেন, “যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক, সন্ত্রাস ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সমাজ থেকে এসব সামাজিক ব্যাধি দূর করতে দল-মত নির্বিশেষে সকলকে একসাথে কাজ করতে হবে।”
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও সামাজিক নেতৃত্বদের সমন্বয়ে গঠিত এই কমিটি এলাকায় যেকোনো ধরনের অপকর্ম রোধে সক্রিয় ভূমিকা পালন করবে। সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করা এবং পাড়া-মহল্লায় প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাই হবে এই কমিটির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ মো. বিল্লাল হোসেনের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান এবং ৭৪ নম্বর ওয়ার্ডকে একটি নিরাপদ ও মাদকমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।