নিজস্ব প্রতিবেদক, অপরাধ সময়
রাজধানীর খিলগাঁও থানাধীন ৭৪ নম্বর ওয়ার্ডে চিহ্নিত অপরাধীদের নির্মূল ও পুলিশের নিরপেক্ষতার দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচি থেকে কুখ্যাত মাদক কারবারি ও পেশাদার খুনি খোরশেদ আলম সোহেল ওরফে ‘পাগলা সোহেল’-এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা। এসময় আন্দোলনকারীরা সরাসরি অভিযোগ করে বলেন, খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম, ওসি (তদন্ত) গোলাম মোস্তফা ও এসআই আকরামের সরাসরি আশ্রয়-প্রশ্রয়ে এলাকায় মাদক কারবারিরা একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে।
বক্তারা জানান, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ওসির মদদে এই প্রভাবশালী মাদক চক্র এলাকার নিরীহ ও অসহায় পরিবারগুলোর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে চরম হয়রানি করছে। শুধু তা-ই নয়, পাগলা সোহেলের অন্যতম প্রধান অনুসারী আলামিন ওরফে ‘গজারিয়া আলামিন’-এর নেতৃত্বে সন্ত্রাসীরা অসহায় পরিবারগুলোকে সরাসরি মেরে ফেলার হুমকি দিচ্ছে। হুমকি দেওয়ার সময় আলামিন প্রকাশ্যে দম্ভোক্তি করে বলেন, “ওসি আমাদের সাথে আছেন, আমাদের কিছুই হবে না।” এমন পরিস্থিতিতে সন্ত্রাসীদের ক্রমাগত প্রাণনাশের হুমকির মুখে পড়ে অনেক পরিবার দীর্ঘদিন ধরে নিজ বাসাবাড়িতে থাকতে না পেরে পালিয়ে বেড়াচ্ছেন।
এলাকাবাসীর দাবি:
সুষ্ঠু তদন্ত ও বিচার: কোনো প্রভাবে প্রভাবিত না হয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আলামিনসহ প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি।
পাগলা সোহেলের শাস্তি: ওসির সরাসরি আশ্রয়-প্রশ্রয়ে থাকা কুখ্যাত মাদক কারবারি খোরশেদ আলম সোহেল ওরফে ‘পাগলা সোহেল’-কে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।
নিরাপত্তা ও মিথ্যা মামলা প্রত্যাহার: ভুক্তভোগী পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, মিথ্যা মামলা প্রত্যাহার এবং পুলিশি হয়রানি ও দাপট বন্ধ করা।
প্রশাসন দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কঠোর আইনি পদক্ষেপ না নিলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে আরও বড় কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন খিলগাঁও ৭৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।