নিজস্ব প্রতিবেদক | বাগেরহাট
বাগেরহাটের জেলা মোড়েলগঞ্জ উপজেলার মোড়েলগঞ্জ পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান জুয়েলের বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ ও প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
অভিযোগে জানা যায়, মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একাধিকবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহিনুর আলম সানা মিয়ার “ইমা” পরিবহন ব্যবসার ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ করছেন পৌর শ্রমিক দল নেতা জুয়েল। শুধু তাই নয়, স্থানীয় ব্যবসা-বাণিজ্যে প্রভাব বিস্তার এবং ব্যক্তিস্বার্থে রাজনৈতিক অবস্থান ব্যবহার করার অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে।
স্থানীয় একাধিক বিএনপি নেতাকর্মীর দাবি, এ ধরনের কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। তাদের মতে, বিষয়টি আগামী জাতীয় নির্বাচনে দলের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
একজন স্থানীয় বিএনপি কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ফ্যাসিবাদের সময়ে আমাদের ওপর নির্যাতন হয়েছে। এখন দেখি আমাদেরই দলের কিছু নেতা সেই পক্ষের সঙ্গে ব্যবসায়িকভাবে যুক্ত হয়ে পড়ছেন, যা অত্যন্ত দুঃখজনক।”
তবে অভিযোগ অস্বীকার করে শ্রমিক দল নেতা মশিউর রহমান জুয়েল বলেন, “ব্যবসা-বাণিজ্য অনেকেই করেন। শুধুমাত্র আমাকে লক্ষ্য করে এসব অভিযোগ আনা হচ্ছে। এর বিচার আল্লাহ করবেন।”
এদিকে স্থানীয় নেতাকর্মীরা এ বিষয়ে কেন্দ্রীয় পর্যায়ে তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, ব্যক্তিস্বার্থের কারণে দলের ক্ষতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
উল্লেখ্য, এর আগেও একই বিষয়ে ২০২৫ সালের ০৪ অক্টোবর একটি সংবাদ প্রকাশিত হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে অভিযোগ অনুযায়ী, এরপরও সংশ্লিষ্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।