শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে মতবিনিময় সভা, পুলিশকে তথ্য দিতে সবার প্রতি আহ্বান ওসি জাহিদুল ইসলামের

 

রিপোর্টার শাফায়েত হোসেন

রাজধানীর আদাবর থানাধীন ১৩ নম্বর এলাকার একটি গার্মেন্টস কারখানায় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম।
মতবিনিময় সভায় ওসি জাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশ সব সময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা প্রতিদিন সকাল থেকে কর্মস্থলে যাতায়াত করেন। পথে যাতে ছিনতাই, ইভটিজিং, হয়রানি কিংবা কোনো ধরনের অপরাধের শিকার না হন, সে লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।
তিনি শ্রমিকদের নিজের মোবাইল নম্বর প্রদান করে বলেন, আমার থানা আপনাদের জন্য সব সময় উন্মুক্ত। যেকোনো সমস্যায়, দিন বা রাত—নির্দ্বিধায় আমাকে ফোন করবেন। পুলিশ সব সময় আপনাদের পাশে আছে।
ওসি আরও বলেন, “আমি শুধু একজন পুলিশ কর্মকর্তা নই, একজন মানুষ হিসেবেও আপনাদের পাশে থাকতে চাই। যতদিন আদাবর থানায় দায়িত্বে আছি, ততদিন এই এলাকায় অপরাধ দমনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সন্দেহজনক ব্যক্তি বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
সভায় তিনি আরও উল্লেখ করেন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী সন্ত্রাস, ছিনতাই ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। শ্রমজীবী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা আন্তরিক এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
শেষে ওসি জাহিদুল ইসলাম বলেন, আপনারা এই দেশের পরিশ্রমী মানুষ। আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আপনারা পুলিশের ওপর আস্থা রাখুন এবং যেকোনো তথ্য আমাদের জানিয়ে সহযোগিতা করুন। পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় অপরাধমুক্ত আদাবর গড়ে তোলা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *