সাংবাদিককে প্রাণনাশের হুমকি, মুগদা থানায় জিডি।

অপরাধ সময়  ডেক্সঃ-

 

রাজধানীর মুগদা এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এক সাংবাদিককে প্রাণনাশ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগে ভুক্তভোগী সাংবাদিক মুগদা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, ভুক্তভোগী মোঃ আল-আমিন (৩৮) পেশায় একজন গণমাধ্যমকর্মী এবং বর্তমানে দৈনিক সরেজমিন পত্রিকায় কর্মরত আছেন। তিনি দক্ষিণ মান্ডা এলাকার বাসিন্দা।
জিডিতে উল্লেখ করা হয়, অভিযুক্ত সেলিম নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে মাদক ক্রয়-বিক্রয় সংক্রান্ত কিছু অভিযোগ ও ভিডিও ফুটেজ পাওয়ার ঘটনায় সাংবাদিক আল-আমিন অনুসন্ধানমূলক তথ্য সংগ্রহ শুরু করেন। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বিভিন্ন সময় মোবাইল ফোনে কল দিয়ে ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, গত ২৫ মে ২০২৬ ইং তারিখ বিকেল আনুমানিক ৩টা ৫৫ মিনিটে মুগদা বাসার টাওয়ার এলাকায় একটি চায়ের দোকানে অবস্থানকালে অভিযুক্ত সেলিম মোবাইল ফোনে কল দিয়ে সাংবাদিক আল-আমিনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়। এছাড়াও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে জিডিতে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক জানান,
“আমি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোনো সময় আমার কিংবা আমার পরিবারের ক্ষতি হতে পারে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।”
এ ঘটনায় মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *