কেরাণীগঞ্জ থেকে নিখোঁজ তরুনের সন্ধান মিলেনি দীর্ঘ ১২ দিনেও: ছেলের অপেক্ষায় দিশেহারা পরিবার

 

অপরাধ সময় ঃ- প্রতিদিনের মতোই সেদিন সকালেও বাসা থেকে বেরিয়েছিলেন মোঃ মাসুম (২৮)। কিন্তু সেই বের হওয়াই যেন হয়ে উঠেছে এক অন্তহীন অপেক্ষার শুরু। গত ৯ এপ্রিল ২০২৬, সকাল আনুমানিক ৮টার দিকে ঢাকার কেরাণীগঞ্জের জিনজিরা এলাকার নিজ বাসা থেকে বের হওয়ার পর থেকে আর কোনো খোঁজ মিলছে না এই তরুণের।

পরিবারের সদস্যরা জানালেন, প্রথমে ভেবেছিলেন হয়তো কোথাও কাজে বা ঘুরতে গেছেন, ফিরবেন। কিন্তু ঘণ্টা পেরিয়ে দিন, দিন পেরিয়ে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে পক্ষ ছুঁই ছুঁই—তবুও ঘরে ফেরেননি মাসুম। আতংক আর দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।

এ ঘটনায় কেরাণীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৭৭, তারিখ: ৩০/০৮/২০২৬) করা হয়েছে। জিডির বর্ননা অনুযায়ী নিখোঁজ মাসুমের বয়স আনুমানিক ২৮ বছর। উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন প্রায় ৬৫ কেজি। তার মুখমণ্ডল লম্বাটে, গায়ের রং শ্যামলা। নিখোঁজ হওয়ার সময় তিনি কালো রঙের ফুল প্যান্ট ও শার্ট পরিহিত ছিলেন।

যদি কোনো সহৃদয় ব্যক্তি মাসুমের সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে ০১৭০৫৫২০৪৮২ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে সমাজের সকলের কাছে আবেদন জানানো হয়েছে।

একটি পরিবারের অপেক্ষা যেন শেষ হয়—এই আশাতেই দিন গুনছেন নিখোঁজের স্বজনরা।

এদিকে স্থানীয়রা জানান, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মাসুমের কোনো খোঁজ না পাওয়া অত্যন্ত বেদনাদায়ক এবং প্রশাসনিক ব্যর্থতা। দ্রুত তার সন্ধান পেতে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

নিখোঁজ মাসুমের উদ্বিগ্ন বৃদ্ধ বাবা মোঃ সামছুল হক বলেন, “ছেলেটা এমন না যে কাউকে না বলে কোথাও যাবে। আমরা আত্মীয়-স্বজন, পরিচিত সব জায়গায় খুঁজেছি। কোথাও পাইনি। এখন শুধু অপেক্ষা আর দুশ্চিন্তা। প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকি—হয়তো আমার ছেলে ফিরে আসবে। কিন্তু আসেনা——।

এ বিষয়ে কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আমরা বিষয়টি তদন্ত করছি এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় বা আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *