নিজস্ব প্রতিবেদক, রুমা – ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুট হওয়া ৪টি অবিস্ফোরিত টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে তারা সবসময় পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। অবৈধ বিস্ফোরক দ্রব্যের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালাচ্ছে তারা।
র্যাব-১০ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান”-এর সুযোগে দুষ্কৃতিকারীরা বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে, যা পরবর্তীতে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়। সেই সময় থেকেই র্যাব পেশাদারিত্বের সঙ্গে অভিযান চালাচ্ছে, এবং বর্তমান সরকারও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ তৎপরতা দেখিয়েছে।
এরই ধারাবাহিকতায়, গত ২৫ এপ্রিল রাতে র্যাব-১০ এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে কামরাঙ্গীরচর থানার নয়াগাঁও মুড়ি ফ্যাক্টরি সংলগ্ন বুড়িগঙ্গার চরের পাশে অভিযান চালায়। রাত ১১টার দিকে সেখানে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুট হওয়া ৪টি অবিস্ফোরিত টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গ্রেনেডগুলো সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থার জন্য হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ এর এই সফল অভিযানে দেশবাসী আরও একবার আশ্বস্ত হয়েছে যে, আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী সবসময় সক্রিয় ও দক্ষতার সঙ্গে কাজ করছে।