স্টাফ রিপোর্টার: শাফায়েত হোসেন
বাংলাদেশের বিভিন্ন
জেলায় কিছু ব্যক্তি সাংবাদিকতার পরিচয়পত্র (কার্ড) ব্যবহার করে নিজেদের প্রভাবশালী সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের অনেকের নিয়মিত সংবাদ প্রকাশ, মাঠপর্যায়ে রিপোর্টিং কিংবা পেশাগত অভিজ্ঞতা না থাকলেও তারা বিভিন্ন সময় বড় বড় পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষ ও প্রশাসনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন বলে জানা গেছে।
অনুসন্ধানে জানা যায়, কিছু ব্যক্তি দীর্ঘ সময় কোনো সংবাদ প্রকাশ না করেও সাংবাদিক পরিচয়ে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। অনেকেই নিজেদের একাধিক অনলাইন পত্রিকার মালিক দাবি করলেও মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ বা পেশাদার সাংবাদিকতার অভিজ্ঞতা নেই বলে স্বীকার করেছেন।
একাধিক মূলধারার সাংবাদিক জানান, বর্তমানে অনলাইনভিত্তিক কিছু প্রতিষ্ঠানের পরিচয়পত্র সহজলভ্য হওয়ায় অসাধু ব্যক্তিরা তা ব্যবহার করে নিজেদের সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। এতে প্রকৃত ও পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, কিছু ব্যক্তি প্রশাসনের বিভিন্ন দপ্তরে গিয়ে প্রভাবশালী সাংবাদিকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কথাও বলেন। তবে যাচাই-বাছাইয়ের সময় তাদের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন দেখা দেয়।
মূলধারার সাংবাদিকদের মতে, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। শুধু পরিচয়পত্র বা কোনো অনলাইন পোর্টালের মালিক হওয়া সাংবাদিকতার যোগ্যতার প্রমাণ নয়। পেশাগত দক্ষতা, নিয়মিত সংবাদ প্রকাশ, নৈতিকতা এবং মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতাই একজন সাংবাদিকের প্রকৃত পরিচয় বহন করে।
এ বিষয়ে গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা সাংবাদিক পরিচয় ব্যবহারের ক্ষেত্রে অধিকতর যাচাই-বাছাই ও নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়েছেন, যাতে অপসাংবাদিকতা ও বিভ্রান্তিকর কর্মকাণ্ড রোধ করা সম্ভব হয়।
সমাজ ও গণমাধ্যমের স্বার্থে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।